বিধানসভার শৌচালয় থেকে উদ্ধার ক্যান্টিন কর্মীর দেহ, চাঞ্চল্য

বৈশাখী সাহা, কলকাতাঃ

নিরাপত্তা বলয়ে ঘেরা পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা ভবনের শৌচালয় থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটি উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ ও বিধানসভা সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত বিধানসভার ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন উমেশ চন্দ্র দাস নামে এক ব্যক্তি। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ উমেশবাবু শৌচাগারে ঢোকেন। দীর্ঘক্ষণ তিনি বাইরে না আসায় অন্যান্য কর্মীরা দরজায় ধাক্কা দেয় কিন্তু কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। এরপর দরজা ভাঙতেই অচৈতন্য অবস্থায় তাঁকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ওই কর্মীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নিরাপত্তা বেষ্টিত বিধানসভার অন্দরে ঘটে যাওয়া এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা বিধানসভায় ছুটে যান। মৃত ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার তদন্তকারীরা ওই মৃত্যুর নেপথ্যে থাকা আসল কারণ উদঘাটন করতে ঘটনাস্থল পরিদর্শন করেন। হেয়ার স্ট্রিট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। বিধানসভার বিভিন্ন ব্লকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মৃতের সহকর্মী ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে এবংবসেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ।