*ওয়াকফ কালা আইন বাতিলের দাবীতে ব্রিগেডে বিশাল সমাবেশ সফল করতে পঞ্চগ্রাম হাসপাতাল মোড়ে ইমাম মুয়াজ্জিনদের ডাকে ব্রিগেড এর প্রস্তুতি ও প্রতিবাদ সভা*
*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ব্যাপক ভাবে বিক্ষোভ করছেন মুসলিমরা। মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে এবং আগামী ২৬ ই এপ্রিল শনিবার ব্রিগেড সমাবেশ সফল করতে ওয়াকফ কালা আইন বাতিলের দাবিতে ডায়মন্ড হারবার বাসুল ডাঙ্গা অঞ্চলে এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের ডাকে পঞ্চগ্রাম হাসপাতাল তিন রাস্তার মোড়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভার পাশাপাশি ব্রিগেড সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেন। রবিবার এই প্রতিবাদ সভায় ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে এলাকার কয়েক হাজার সর্ব সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। ইতিমধ্যে ডজনখানেক পিটিশনও সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে নতুন আইনের বিরুদ্ধে। উপস্থিত ইমাম মুয়াজ্জিন তাদের বক্তব্যে জানান,এই আইন ভারতের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে, এটি বাতিল করতেই হবে। যতদিন না এই আইন প্রত্যাহার করা হয়,শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাস হওয়া ওয়াকফ আইনের সংশোধনী নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে। এই সংশোধনীর ফলে অ-মুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে পশ্চিমবঙ্গে হিংসাত্মক সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সুপ্রিম কোর্ট আশ্বাস দিয়েছে, আগামী ৫মে মাসে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে না। তবে মুসলিম সম্প্রদায় ও বিরোধী দলগুলোর দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থি। ওয়াকফ সংশোধনী বিলটি ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষেই বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও পাস হয়ে যায়, যার ফলে পশ্চিম বঙ্গে ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ ছড়িয়ে পড়ে।উপস্থিত এক ইমাম সাহেব জানান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আহ্বানে আগামী ২৬ এপ্রিল শনিবার কলকাতার ব্রিগেডে বিশাল সমাবেশের ডাক দিয়েছে। আর এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ সফল করতে সকলের উপস্থিত হওয়া আমাদের একান্ত কর্তব্য এবং এই আইন বাতিলের দাবি করা প্রত্যেক মুসলিমদের ঈমানী দায়িত্ব। যতদিন পর্যন্ত এই কালা আইন বাতিল হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাবো।এই আন্দোলন এখন সারা ভারতব্যাপী শান্তিপূর্ণ গণআন্দোলনের রূপ নিচ্ছে।