অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পরিবেশনের অভিযোগে বিক্ষোভ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পরিবেশনের অভিযোগে বিক্ষোভ

বৈশাখী সাহা, কলকাতাঃ

পুষ্টিকর খাবারের বদলে শিশুদের মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করার অভিযোগ তুলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হয় অভিভাবকেরা। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত ১৮৯ নম্বর আইসিডিএস কেন্দ্রের ঘটনা। ক্ষুব্ধ অভিভাবকদের কথায়, ওই আইসিডিএস কেন্দ্রে ক্ষুদে পড়ুয়ার সংখ্যা ১৫০ জন। এই কেন্দ্রে তাঁদের স্বাস্থ্যকে নিয়ে রীতিমতো খেলা চলছে। রোজের খাদ্য তালিকায় তাঁদের জন্য ডিম-ডাল-সবজি নয়, বরাদ্দ কেবলমাত্র ১ কেজি আলু। পুষ্টিকর খাবারের বদলে শিশুদের শুধু নুন, ভাত খেতে দেওয়া হয়। সবচেয়ে গুরুতর অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ হওয়া তেল ও ছাতু দেওয়া হয় শিশুদের। বারংবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জানিয়েও কাজ হয়নি। শেষমেশ শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ অভিভাবকেরা। শিক্ষিকার দাবি, “সেন্টারে ডেট ওভার হওয়া ছাতু আসছে বলেই সেটা দেওয়া হচ্ছে।” কিন্তু তেল প্রসঙ্গে তিনি বলেন, “মেয়াদ উত্তীর্ণ তেলের প্যাকেট গুলো সরিয়ে নেওয়া হয়েছে।” কিন্তু প্রশ্ন হল- যেখানে অঙ্গনওয়াড়িতে আগত সকল শিশুদের পুষ্টিগুণ সমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্য প্রদান করতে হবে বলে সরকারি প্রকল্পে উল্লেখ আছে। সেখানে কিভাবে মিলছে মেয়াদ উত্তীর্ণ হওয়া নিম্নমানের খাবার, শিশুদের কেন পর্যাপ্ত খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না? বিষয়টি খতিয়ে দেখতে বিক্ষোভকারীরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছে প্রশাসন।

About Author

error: Content is protected !!