গঙ্গাসাগরে বর্ধিত রেল পরিষেবা পরিচালনা নিশ্চিত করতে বৈঠক ডি ও এম-র

গঙ্গাসাগরে বর্ধিত রেল পরিষেবার পরিচালনা নিশ্চিত করতে বৈঠক ডিএমও-র

বৈশাখী সাহা, কলকাতাঃ

আসন্ন গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অভূতপূর্ব উদ্যোগ হিসাবে ১২৬ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। কিন্তু সেই পরিষেবা যাতে সুষ্ঠু ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করেন শিয়ালদহ ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার এ বিষয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার পঙ্কজ যাদব কন্ট্রোলার ও মূল সুপারভাইজারদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে তিনি কন্ট্রোল অফিসকে ডিভিশনের “মেরুদণ্ড” হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, গঙ্গাসাগর তীর্থযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে অতিরিক্ত বিশেষ ট্রেনগুলির সময়সূচির সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি জানান, অতিরিক্ত বিশেষ ট্রেনগুলির নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা বজায় রাখতে কন্ট্রোল অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের বৈঠকে অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশ দিয়ে তিনি স্পষ্টতই জানান, গঙ্গাসাগর মেলার সময় ডিভিশনকে উচ্চ সতর্কতায় কাজ করতে হবে। কোনোরূপ মানবিক ত্রুটির ফলে যদি যাত্রী অসুবিধা বা অপারেশনাল ব্যাঘাত ঘটে, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গ্রাউন্ড-লেভেল মনিটরিংয়ের জন্য তাঁর দেওয়া নির্দেশগুলি হল- ১) ভিড় সামাল দিতে ও অতিরিক্ত বিশেষ ট্রেন চলাচলের সঠিক টাইম পর্যবেক্ষণ করতে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অফিসার ও সুপারভাইজারদের মোতায়েন করা হবে। ২) সম্ভাব্য লজিস্টিক সমস্যা আগেভাগে চিহ্নিত ও প্রতিরোধ করার জন্য নিয়মিত নজরদারির দায়িত্বও দেওয়া হয়েছে কন্ট্রোলারদের। এহেন প্রস্তুতির মাধ্যমে শিয়ালদহ ডিভিশন আসন্ন গঙ্গাসাগর মেলার বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে রেল সূত্রে খবর।

About Author

error: Content is protected !!