স্ত্রীর সামনে স্বামী র মৃত্যু।। বৈশাখী সাহা

মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্ত্রীর সামনে মৃত্যু স্বামীর

বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ
বেশ কয়েকদিন যাবত একের পর এক দূর্ঘটনা ঘটে চলেছে যশোর রোডে। যাত্রী নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি, গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বারংবার সতর্কতামূলক প্রচার করা সত্বেও, ঘটে চলেছে দূর্ঘটনা। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে পথচলতি মানুষের মধ্যে। এমনই এক ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। কেনাকাটা করে স্কুটি চেপে স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় এক ব্যাক্তির। ব্যপক উত্তেজনা পরিলক্ষিত হয় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার মধ্যমগ্রাম জুডিও মল সংলগ্ন যশোর রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বারাসাত থেকে কেনাকাটা সেরে ৩০ বছরের স্ত্রী সুস্মিতা পাল ও ৩ বছরের পুত্র শিবমকে নিয়ে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন বিরাটির বাসিন্দা ৩৯ বছরের সোমেন পাল। মধ্যমগ্রাম জুডিও মল সংলগ্ন যশোর রোডের উপর আচমকা আসা দ্রুতগতি সম্পন্ন একটি ডাম্পারের সাথে স্কুটিটির ধাক্কা লাগে। ফলে স্কুটি নিয়ে বেসামাল হয়ে যাওয়ায়, রাস্তার বাঁদিকে পড়ে গিয়ে জখম হয় তাঁর স্ত্রী ও শিশুপুত্র। আর রাস্তার ডান দিকে ছিটকে পড়েন সোমেন বাবু। এরপর সেই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। একইসাথে ডাম্পারের চাকায় আটকে যায় তাঁর দেহ। সেই অবস্থাতেই প্রায় ৩০০ মিটার রাস্তা পেরিয়ে যায় ডাম্পারটি।ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা ডাম্পারটিকে দাঁড় করানোর প্রভূত চেষ্টা করলেও, গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে চালক। পরে মধ্যমগ্রাম পুলিশ তৎপরতার সাথে ডাম্পারটিকে আটক করে। জখম মহিলা এবং শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। চোখের সামনে স্বামীর মর্মান্তিক মৃত্যুতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সুস্মিতা। এদিকে ডাম্পারের চাকা থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ। যশোর রোডে একের পর এক এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বভাবতই আতঙ্কিত সাধারণ যাত্রীরা। একইসাথে পথচলতি মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।

About Author

error: Content is protected !!