*হাইকোর্টের নির্দেশে রাস্তা সম্প্রসারণের জন্য ভাঙা হল অবৈধ দোকান*
হলদিয়া: হাইকোর্টের নির্দেশক্রমে হলদিয়া-কুকড়াহাটি রাজ্য সড়ক সম্প্রসারণের জন্য সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুরে রাস্তার ধারে অবৈধ দোকান ভেঙে ফেলার কাজ শুরু করল প্রশাসন। শনিবার সকাল থেকে বেশ কয়েকটি বুলডোজার নামিয়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কড়া পুলিশি প্রহরায় ১৫৮ টি অবৈধ দোকান ভাঙার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে চৈতন্যপুর থেকে কুকড়াহাটি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। কিন্ত কুকড়াহাটি থেকে রামপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শেষ করা সম্ভব হলেও চৈতন্যপুর মোড়ে শতাধিক দোকানদার পুনর্বাসন সহ একাধিক দাবিতে হাইকোর্টে মামলা করে।সেই মামলার জেরে চৈতন্যপুর মোড় থেকে প্রায় ৫০০ মিটার রাস্তা সম্প্রসারণের কাজ থমকে যায়।শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশ মতো দ্রুত অবৈধ দোকান ভাঙার তোড়জোড় শুরু করে সুতাহাটা থানার পুলিশ।চলতি সপ্তাহের শুরুতে মাইকিং করে দোকান থেকে আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সুতাহাটা থানার পুলিশ জানিয়েছে শনিবার দিনভর একাধিক দোকান ভেঙে ফেলা হয়েছে।আজ রবিবার বাকি দোকান ভাঙা হয়েছে।হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, এই রাজ্য সড়ক দিয়ে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ কলকাতা,দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যাতায়াত করে।পাশাপাশি রাস্তার ধারে একাধিক স্কুল,কলেজ ও ব্যাঙ্ক রয়েছে।সেজন্য এই ব্যস্ত রাস্তায় প্রায়শই যানজট লেগেই থাকতো।তাই দু’লেনের রাস্তার জন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিল। রাস্তাটি সম্প্রসারণের ফলে অনেকটাই যানজট মুক্ত হবে বলে আশা করছি।ভাঙা দোকানের পুনর্বাসনের জন্য সরকারি তরফে এখনো কোনো নির্দেশিকা আসেনি।এলে অবশ্যই ভাঙা দোকানের মালিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।