সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সহ ধৃত ২
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
বাংলাদেশ থেকে ভারতে এসে জাল নোট ছড়ানোর ছক বানচাল করে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমান জাল নোট। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার অন্তর্গত ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের চাঁপাপুকুর রোড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এপার বাংলায় জাল নোট ছড়ানোর চক্র সক্রিয় হয়ে উঠেছে! এমন খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। এরই মধ্যে গোপন সূত্র অনুযায়ী থানায় খবর আসে স্বরূপনগর থানার ঘোজাডাঙ্গা সীমান্ত লাগোয়া এলাকায় আস্তানা গেড়েছে একটি জাল নোট কারবারীর চক্র। সূত্র অনুযায়ী পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে বসিরহাটের চাঁপাপুকুর রোড থেকে বাংলাদেশের নাগরিক নবাব শরীফ ঢালী এবং রমজান মোল্লা নামে দুই জন জাল নোট কারবারীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৫০০ টাকার ৩০ টি জাল নোট, অর্থাৎ মোট ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ। ধৃতরা বাংলাদেশের নাগরিক হলেও বর্তমানে কয়েক বছর যাবত চাঁপাপুকুর রোডে বসবাস করছে বলে জানায় পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে জাল নোট জনসাধারনের মাঝে ছড়িয়ে দেবার পরিকল্পনা করে নবাব শরীফ ঢালী এবং রমজান মোল্লা। এরপর পরিকল্পনা অনুযায়ী গত কয়েক মাস যাবত ওই চক্রটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাসহ বসিরহাটের বিস্তীর্ণ বাজার এলাকায় ওই নোট ছড়ানোর কাজ শুরু করে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট থানার পক্ষ থেকে ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতদের পিছনে কোনও বড় মাথা আছে বলে পুলিশের অনুমান। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।