*দলবদলু তাপসীকে হুঁশিয়ারি শুভেন্দুর*
হলদিয়া: ২০২০ সালের ১৯ ডিসেম্বর দু’জনে একসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন।একুশের বিধানসভা নির্বাচনে দুজনেই বিধায়ক হয়েছেন। কিন্ত সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি ও হলদিয়ায় তাপসী ঘনিষ্ঠ দুই মন্ডল সভাপতি। তাপসীর দলবদলের দু’দিন পরেই বৃহস্পতিবার হলদিয়ার টাউনশিপে বি.বি ঘোষ অডিটোরিয়ামে কর্মী সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বক্তব্যের শুরু থেকেই নাম না করে হলদিয়া বিধায়ক তাপসী মণ্ডলকে আগাগোড়া লাগাতার আক্রমণ করেন শুভেন্দু।গত ২০১৭ সালে হলদিয়া পুরসভা নির্বাচনের মতো ফের আগামী বছর বিধানসভা নির্বাচনে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পাশাপাশি আগামী সপ্তাহে ২৩ মার্চ রবিবার দুর্গাচক সিপিটি মার্কেটে জনসভা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।ওইদিন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি মলয় সিনহা কে সংবর্ধনা দেওয়ার কথাও ঘোষণা করেন। তাপসীর দলবদলের পর শুভেন্দুর নির্দেশে শিল্পশহরের বিজেপির সমস্ত মন্ডলে ঢালাও কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়,প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ একাধিক রাজ্য নেতৃত্ব। তাহলে কি ছাব্বিশে হলদিয়ায় তৃণমূলের প্রার্থী তাপসীকে ধরে নিয়েই দল গোছাচ্ছে বিজেপি? যদিও শুভেন্দুর দাবি ওর বিরুদ্ধে দলের যে কোন মন্ডল সভাপতি কে দাঁড় করালেই অনায়াসে আমরা জিতবো। শুধু বিজেপি নয় হলদিয়ার তৃণমূল নেতারাও প্রস্তুত ওকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্য।অন্যদিকে শুভেন্দুকেও সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তাপসী। তাঁর কথায় “যুদ্ধে জেতার রণকৌশল করেই ময়দানে নেমেছি।”