জমি সংক্রান্ত বিবাদের জেরে হত্যা, ধৃত ২
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যাক্তিকে হত্যা করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার অন্তর্গত চাঁদা জামতলা এলাকায় বুধবার ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে জামতলা এলাকায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। এদিন তা চরমে পৌঁছায়। ৫৮ বছরের হানিফ মন্ডলের জায়গা দখল করে সিঁড়ি গড়তে শুরু করে তাঁর ভাইপো। হানিফ বাঁধা দিতে গেলেই ঘটে বিপত্তি। হানিফের ভাইপো ইয়ানুর মন্ডল ও তাঁর মা আজিফা গর্জে ওঠে। শুরু হয় দু পক্ষের মধ্যে বাকবিতণ্ডা। এরপর আচমকাই ইয়ানুর ও তাঁর মা হানিফের উপর চড়াও হয়। হাঁতুড়ি দিয়ে হানিফের শরীরে এলোপাথাড়িভাবে আঘাত করতে শুরু করে। বুকে আঘাত লাগে তাঁর। সাথে সাথেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে হানিফ। এরপর মৃত্যু নিশ্চিত করতে ইঁট দিয়ে হানিফের মাথা থেঁতলে দেয় বলে অভিযোগ। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি রক্তাক্ত জখম অবস্থায় হানিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইয়ানুর ও আজিফাকে গ্রেফতার করে পুলিশ। হত্যা করার অপরাধে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, বনগাঁ থানার পক্ষ থেকে ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে, আবেদন মঞ্জুর করেন বিচারক। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর, বনগাঁ থানার পক্ষ থেকে দেহটি মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে মৃত হানিফের দেহ এলাকায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া।