*৮৫ তম বাৎসরিক ঊরুশ মোবারকে মেতেছে সুতাহাটার রামচন্দ্রপুর গ্রামের মানুষ*
হলদিয়া: ঈদের আগেই ঊরুশ উৎসবে মেতেছে সুতাহাটার রামচন্দ্রপুর গ্রামের মানুষ।প্রাচীন প্রথা অনুযায়ী ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার বাৎসরিক ঊরুশ মোবারক হয়। বৃহস্পতিবার সুতাহাটার রামচন্দ্রপুর দরবার শরীফ ঊরুর ঘরে পীর হাজী রুস্তম আলি শাহ প্রতিষ্ঠিত ৮৫ তম বাৎসরিক ঊরুর মোবারক অনুষ্ঠিত হয়। রামচন্দ্রপুর গ্রামের মাজারে এদিন বিকেল ৫ টা ৫০ মিনিটে রোজা খুলে ইফতার মাহফিলের পর কয়েক হাজার মানুষকে সাথে করে নিয়ে ঊরুর পড়ানো শুরু হয়।শেষ হয় রাত ৯ টা নাগাদ।তারপরেই সারারাত ব্যাপী জলসা শুরু হয়।জলসা শেষে শুক্রবার ভোরে সেহরি ও তাবারুকের ব্যবস্থা ছিল।প্রত্যেক বছর পূর্ব মেদিনীপুর ছাড়াও বাংলার বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাবারুক গ্রহণ করেন। ঊরুর কমিটি সম্পাদক মোসাদ্দেক হোসেন বলেন, ঊরুশ উপলক্ষে দু’দিন আগে থেকেই মাজারের গোটা এলাকা রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে।এদিন দিনভর চলবে ধর্মীয় প্রার্থনা।এলাকার উৎসাহী যুবক সৈয়দ মেহেতাব আলি বলেন, ঊরুশে লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছে। আনন্দে মেতে উঠেছে গ্রামের মানুষ।