*দলবদলের পরেই নতুন দ্বায়িত্বে তাপসী*
হলদিয়া: দলবদলের দু’দিনের মধ্যেই রাজ্যের উইমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন হলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তাপসী মণ্ডল। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে এই বোর্ড কাজ করে। বুধবার বিকেলে তাপসী মণ্ডল এই পদের দায়িত্বভার পেয়েছেন। দু’জন আইএএস অফিসার সহ সাত জনের বোর্ডের তিনি চেয়ারপার্সন হয়েছেন। গত সোমবার কলকাতায় হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী তৃণমূলে যোগ দিয়েছেন।যোগ দেওয়ার পর কি দায়িত্ব পাবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছিল শিল্পশহরে।শোনা যাচ্ছে এরপর হলদিয়া পুরবোর্ডের দ্বায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে।বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন।সেই নির্বাচনে হলদিয়া বিধানসভা এলাকায় তাঁকে তৃণমূলের প্রার্থী করা হবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।