আত্মহত্যার প্ররোচনার অভিযোগ, গ্রেফতার যুবক
বৈশাখী সাহা, কলকাতাঃ
প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কলকাতার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, গড়িয়ার বাসিন্দা স্নেহা দাস নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল গড়িয়া এলাকারই বাসিন্দা কৌশিক জানা নামে এক যুবকের। বেশ কিছুদিন যাবত স্নেহার সঙ্গে সম্পর্ক থাকাকালীন কৌশিক অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। বিষয়টি স্নেহা জানতে পারার পর থেকেই দু'জনের মধ্যে শুরু হয় মতবিরোধ ও অশান্তি। প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং অশান্তির জেরেই মানসিকভাবে ভেঙে পড়ে স্নেহা আত্মহত্যার পথ বেছে নেয় বলে পরিবারের দাবি। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে স্নেহার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনার প্রায় আড়াই মাস পর বুধবার অভিযুক্ত কৌশিককে গ্রেফতার করে পুলিশ। তরুণীর মৃত্যুর পিছনে অভিযুক্তর কি সত্যিই কোনও ভূমিকা ছিল, না কি রয়েছে অন্য কোনও কারণ- সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ।

মন্তব্য 0