অস্ত্র কারখানায় হানা, ধৃত ২

অস্ত্র কারখানায় হানা, ধৃত ২

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে বঙ্গের নানান স্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। অবৈধ অস্ত্র উদ্ধারের তদন্তে নেমে, প্রতিবেশী রাজ্যে অস্ত্র কারখানার হদিস পায় পুলিশ। বাংলায় অবৈধ অস্ত্রের যোগান বন্ধ করতে উদ্যোগী হয়ে ওঠে কলকাতা পুলিশের স্পেশাল টার্স্ক ফোর্স। তল্লাশি অভিযানে নেমে একটি বিশাল অস্ত্র তৈরীর কারখানায় হানা দেয় এসটিএফ। সেখান থেকে বিপুল পরিমাণ অসম্পূর্ণ অস্ত্র, নানান যন্ত্রাংশ এবং অস্ত্র তৈরির অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ধারের পাশাপাশি, গ্রেফতার করা হয় ২ অস্ত্র কারিগরকে। ঝাড়খণ্ডের বোকারো জেলার গান্ধীনগর থানার জড়িদিহ উপ্পার বাজার এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে একটি সুপরিকল্পিত তল্লাশি অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। সেই সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা পুলিশের এসটিএফ এবং ঝাড়খন্ড এটিএস যৌথভাবে গত ২০ শে জুন শুক্রবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ অফিসাররা একটি কারখানায় প্রবেশ করে। ভেতরে প্রবেশ করা মাত্রই আধিকারিকদের চক্ষু একেবারে চড়কগাছ। পুলিশ জানায়, সেটি কোনও সাধারণ কারখানা নয়, বরং অস্ত্র তৈরির এক বিশাল আঁতুড়ঘর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়- ৬ টি অসম্পূর্ণ পিস্তল, ৯টি পিস্তলের বডি, ৬টি পিস্তলের স্লাইডার, ১৩ টি পিস্তলের ব্যারেল প্লেট, ৩ টি স্ক্র্যাপ প্লেট, ১টি লেদ মেশিন (অস্ত্র তৈরির মূল যন্ত্র), ১ টি মিলিং মেশিন, ১ টি ড্রিল মেশিন, ১ টি গ্রাইন্ডিং ও পলিসিং মেশিন, বিপুল পরিমাণ অন্যান্য যন্ত্রপাতি ও কাঁচামাল, নগদ প্রায় ১ লক্ষ টাকা, ড্রিল বিট, গ্রুভিং মেশিন, স্কেল, জিরোয়িং মেশিন ইত্যাদি। কারখানার ভেতরে অস্ত্র তৈরি করার সময়ই হাতেনাতে ধরা পড়ে ৩৫ বছরের কেশব কুমার এবং ৫৩ বছরের প্রুভেন কুমার নামক বিহার নিবাসী দুই কারিগর। ধৃতদের আদালত মারফত নিজেদের হেফাজতে নিয়ে আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্রের মূল পান্ডা ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ আধিকারিকদের কথায়, প্রতিবেশী রাজ্যগুলিতে অবস্থিত এই ধরনের অস্ত্র কারখানা বাংলার নিরাপত্তাকে বিঘ্নিত করছে। কারখানাগুলি বন্ধ না হলে অদূর ভবিষ্যতে ওই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

About Author

error: Content is protected !!