*শিল্পশহরে সিটুর রাজ্য সম্মেলন শ্রমিক ঐক্যের বার্তা*
হলদিয়া: বাম শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল শিল্পশহর হলদিয়ায়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হলদিয়া টাউনশিপে বি.বি ঘোষ অডিটোরিয়ামে হয় তিনদিনের রাজ্য সম্মেলন। সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী কে হেমলতা সম্মেলনের সূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন,রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়,রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু-সহ বিভিন্ন জেলার নেতা এবং প্রতিনিধিরা। কে হেমলতা বলেন, সংগঠনকে সর্বভারতীয় ক্ষেত্রে আরও মজবুত করতে হবে। শ্রমিকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের কালাকানুনের বিরুদ্ধে সিআইটিইউ শ্রমিকদের আরও ঐক্যবদ্ধ আন্দোলন সংঘটিত করতে হবে। পশ্চিমবঙ্গে সিটুর পুরনো গরিমা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু। হলদিয়া এবং কোলাঘাট শিল্পতালুকে শ্রমিক সংগঠনকে আরও মজবুত করার পরামর্শ দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা সিআইটিইউর সাধারণ সম্পাদক সুব্রত পন্ডা। রাজ্যের বিভিন্ন জেলার ১০২৬ জন প্রতিনিধি যোগ দিয়েছেন সিটুর তিনদিনের এই সম্মেলনে।