‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান ঘিরে বিতর্ক: বিরোধী দলনেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অপার্থিব ইসলাম
নিজস্ব প্রতিবেদন:
পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি স্লোগান ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন শুভেন্দু অধিকারীকে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়। পরে ওই মুহূর্তটি ধারণ করা ফেসবুক লাইভ ভিডিওটি তার অফিসিয়াল পেজ থেকে মুছে ফেলা হয় বলে জানা গিয়েছে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লকের তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম। বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি বলেন, “এই ধরনের কথা শোনার আগে আমাদের মৃত্যু হওয়া উচিত ছিল।”
অপার্থিব ইসলামের এই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, ঘটনাটি শুধু সামাজিক মাধ্যমে নয়, স্থানীয় রাজনৈতিক মহলেও তীব্র আলোড়ন তুলেছে। ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান জাতীয়তাবাদী আবেগে আঘাত হানে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
তবে এই বিষয়ে বিরোধী দল বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।