উদ্ধার একই পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
সকালবেলা গোয়াল ঘর থেকে উদ্ধার হয় ৩ জনের ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার সকালে হুগলি জেলার গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রাম থেকে এমনই মর্মান্তিক দৃশ্য পরিলক্ষিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস পূর্বে স্থানীয় কাশীনাথ নন্দীর ২১ বছরের ছেলে, প্যারা মেডিকেলের পড়ুয়া শান্তনু নন্দী, আচমকা আত্মঘাতী হয়। একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন পরিবারের সবাই। ওই মর্মান্তিক ঘটনার পর কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না পরিবারের কেউ। বলা যায়, নিজেদের একেবারে গুটিয়ে নিয়েছিল গোটা পরিবার। এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বেরোতে না দেখে অনেক ডাকাডাকি করেন প্রতিবেশীরা। কিন্তু কারও কোনও শব্দ না পাওয়ায় সন্দেহ দানা বাঁধে প্রতিবেশীদের মনে। এরপর বাড়ির ভিতরে ঢুকতেই, গোয়াল ঘরে ৭৫ বছরের অনিমা নন্দী, ৫৫ বছরের কাশীনাথ নন্দী, ৪২ বছরের মমতা নন্দী নামে পরিবারে ৩ জনকে ঝুলন্ত অবস্থায় দেখে হতভম্ব হয়ে যান তাঁরা। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে গোঘাট থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ৩ টিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠায়। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। পুত্রশোকেই পরিবারের সকলে অর্থাৎ মা, বাবা ও ঠাকুরমা একসঙ্গে ওই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান প্রতিবেশীদের।