চলন্ত বাসে আগুন লেগে বিপত্তি
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
যাত্রীসহ একটি চলন্ত বাসে আচমকা আগুন লেগে ঘটে বিপত্তি। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেয় বাসের ভেতরে থাকা যাত্রীরা। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দমকলবাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর ঘটনাটি ঘটে। দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ড সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী এসি ভলভো বাস কলকাতার বাবুঘাট থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতুর উপর উঠতেই চলন্ত বাসটিতে আচমকা আগুন লেগে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্কিত বাস যাত্রীদের মধ্যে। প্রান বাঁচাতে বন্ধ বাসের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে বাইরে বের হন যাত্রীরা। ফলে আহত হয় বেশ কিছু যাত্রী। চালক এবং কন্ডাক্টরও গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েন। সেতুর উপর দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যানজটেরও সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ।দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। এরপর যান চলাচলও স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের জেরে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ। পাশাপাশি যাত্রীবাহী চলন্ত বাসটিতে আচমকা আগুন লাগার নেপথ্যে থাকা কারন জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।