পথ দুর্ঘটনা মহিলার মৃত্যু

মর্মান্তিক পথ দূর্ঘটনায় মহিলার মৃত্যুতে রণক্ষেত্র বারাসাত

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
রাতে জাতীয় সড়কে বাইক প্রতিযোগিতা- নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আচমকা সেই বাইক প্রতিযোগিদের কবলে পড়ে মৃত্যু হয় এক মহিলার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার নোয়াপাড়া কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ১২ নম্বর জাতীয় সড়কে রাতের বেলা চলে মদ্যপ যুবকদের বাইক প্রতিযোগিতা। সেই প্রতিযোগিদের তান্ডবে সাধারণ মানুষের মনে আতঙ্ক দানা বাঁধলেও, কোনও হুঁশ ছিল না বারাসাত জেলা পুলিশের ট্রাফিক বিভাগীয় কর্মীদের। স্থানীয়দের পক্ষ থেকে ওই প্রতিযোগিতা বন্ধ করার জন্য প্রশাসনকে বারংবার জানিয়েও কোনও লাভ হয়নি। জনসাধারণের আশঙ্কাই অবশেষে সত্যি বলে প্রমাণিত হল। মদ্যপ অবস্থায় থাকা বেশ কিছু বাইক আরোহী এদিন রাতে প্রতিযোগিতায় নামে। দত্তপুকুর থানার মন্ডলগাছি এলাকার বাসিন্দা অসীমা দাস নামে এক মহিলা ওই রাতে বারাসাতের নোয়াপাড়া এলাকায় এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন বাইক প্রতিযোগি নোয়াপাড়া কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। মহিলা ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। একইসাথে অল্প-বিস্তর জখম হয় একজন বাইক আরোহী। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই বাইক আরোহীকে ধরে ফেলে। পাশাপাশি রক্তাক্ত জখম অবস্থায় এই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে স্থানীয়রা। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষিপ্ত জনতা। তাঁরা দূর্ঘটনাগ্রস্থ বাইকটিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে। বিক্ষোভকারীদের কথায়, দীর্ঘদিন যাবত এ বিষয়ে থানায় অভিযোগ করার পরও হুঁশ ফেরেনি প্রশাসনের। তাঁদের দাবি অবিলম্বে জাতীয় সড়কে বাইক প্রতিযোগিতা বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। শেষমেশ বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বাইক আরোহীকে আটক করার পাশাপাশি, জাতীয় সড়কে এহেন বাইক প্রতিযোগিতা বন্ধ করতে, দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেয় পুলিশ।

About Author

error: Content is protected !!