*গ্লুকোমা পরীক্ষার জন্য হলদিয়ার নেত্রালয় চক্ষু হাসপাতালে স্মার্টফিল্ড অকুলাস পেরিমিটার যন্ত্র হস্তান্তর হলদিয়া পেট্রোকেমিক্যালের*
নিজস্ব সংবাদদাতা,হলদিয়া: গত ৯-১৫ মার্চ বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের সম্পূর্ণ নিজস্ব অনুসারি শিল্প সংস্থা অ্যাডভান্সড পারফরম্যান্স ম্যাটেরিয়ালস প্রাইভেট লিমিটেডের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে হলদিয়ার নেত্রালয় চোখের চিকিৎসালয় ও রিসার্চ সেন্টার কে গ্লুকোমা পরীক্ষার জন্য স্মার্টফিল্ড অকুলাস পেরিমিটার যন্ত্র হস্তান্তর করা হল।এই প্রকল্পে সহায়তা করেছে কলকাতার টিসিজি ফাউন্ডেশন।মঙ্গলবার বিকেলে নেত্রালয় চক্ষু হাসপাতালের সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে চোখের চিকিৎসার জন্য এই বিশেষ যন্ত্র হস্তান্তর করা হয়েছে। উপস্থিত ছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যালের জেনারেল ম্যানেজার সমীরণ সরকার,টিসিজি ফাউন্ডেশনের ডাইরেক্টর শ্রেয়সী মৈত্র,রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজী মহারাজ প্রমুখ। চিকিৎসকদের মতে গ্লুকোমা হচ্ছে কয়েকটি অসুখের সমাহার যা চোখের অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে এবং তার জন্যে দৃষ্টিশক্তির অপূরণীয় ক্ষতি হয়। এই ক্ষয় রোধ না করতে পারলে পরিণাম অন্ধত্ব।অন্ধত্ব নিবারণ কর্মসূচিতে যতটা গুরুত্ব ছানিকে দেওয়া হয়, তার থেকেও বেশি গুরুত্ব গ্লকোমার জন্যে দেওয়া উচিত। আগামীদিনে এই যন্ত্রের মাধ্যমে শিল্পশহরের বহু মানুষের গ্লুকোমা পরীক্ষা করা হবে এবং চোখের সমস্যা দূর হবে বলে আশাবাদী ওই শিল্পসংস্থা।