ফুট ওভারব্রিজ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ফুট ওভারব্রিজ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ

সাত সকালে ফুট ওভারব্রিজ থেকে একটি ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ঘনীভূত হয় রহস্য। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার মানিকতলা থানা এলাকার বিধাননগর স্টেশনের নিকটস্থ হাডকো (মেইন রোড এবং সিআইটি রোড) মোড়ে থাকা ফুট ওভারব্রিজের লোহার কাঠামো থেকেই উদ্ধার হয় দেহটি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এদিন সকালেও শুরু হয় হাডকো মোড় এলাকায় মানুষের যাতায়াত। অত্যন্ত ব্যস্তপূর্ণ ও জনবহুল এলাকা হওয়ায়, কার্যত রাস্তা পারাপারের জন্য থাকা ফুট ওভারব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের কাছে। আচমকা এদিন সকালে ওই ওভারব্রিজে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা। খবরটি চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত যুবক বিধাননগর এলাকার বাসিন্দা ৩৫ বছরের সঞ্জয় মিত্র। ওভার ব্রিজের লোহার কাঠামো থেকে ঝুলছিল তার দেহ। গলায় বাঁধা ছিল নাইলনের দড়ি। স্থানীয়দের কথায়, একদিকে কর্ম হারিয়ে দীর্ঘদিন যাবত বেকার ছিল সঞ্জয়। অন্যদিকে অশান্তির জেরে স্ত্রী তাঁর ২ শিশু সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায় সে। মানসিক অবসাদে যুবক আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। দেহটি ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ জানতে পারে যে, সঞ্জয় বেশ কিছুদিন পূর্বে বাড়ি ছেড়ে হাওড়ায় চলে যায়। পরিবারের সাথে যোগাযোগও ছিল না তাঁর। এখন প্রশ্ন হল- উদ্ধারকৃত মৃত যুবক কি সত্যিই আত্মঘাতী হয়েছে নাকি তাঁকে হত্যা করা হয়েছে, আত্মঘাতী হলে তার পিছনে রয়েছে কোন কারণ, আত্মহত্যার জন্য সে ওই ফুট ওভারব্রিজটিকেই বেছে নিল কেন, তাঁর স্ত্রী-র সাথে অশান্তির নেপথ্যে রয়েছে কোন্ কারন, তাঁর স্ত্রী বর্তমানে কোথায় থাকেন, পরিবারের কথা অনুযায়ী সে পরিবার ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল- কিন্তু কেন সে অন্যত্র চলে গিয়েছিল, কেনই বা পরিবারের সাথে যোগাযোগ ছিন্ন করেছিল মৃত সঞ্জয়, হাওড়া থেকে কবে কখন কেন কিভাবে সে উল্টো ডাঙায় এসেছিল, শেষ তাঁকে কোথায় কোন অবস্থা কে বা কারা দেখেছিল – উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। যুবকের মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। ওই রহস্য উন্মোচন করতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর প্রকৃত কারন স্পষ্ট হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

About Author

error: Content is protected !!