চালকের তৎপরতায় বিপদমুক্ত বনগাঁ লোকাল
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
স্বল্প ব্যায়ে ও কম সময়ে দূর দূরান্তে পাড়ি দেবার জন্য বেশিরভাগ মানুষই রেল পরিষেবাকে বেছে নেয়। রেলপথের উপরই নির্ভর করে রুটি-রুজির সন্ধান করে চলে বহু মানুষ। আর সেই রেল-কেই দূর্ঘটনার কবলে ফেলতে প্রায়শই ষড়যন্ত্র করে চলেছে বেশ কিছু অসাধু ব্যাক্তিরা। রেল লাইনে লোহার পাত রেখে, লাইনের উপর পাথর রেখে, ফিসপ্লেট খুলে রেখে রেলকে দূর্ঘটনার কবলে ফেলে, যাত্রী পরিষেবা ব্যহত করার ষড়যন্ত্র বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। অনুরূপ ঘটনা তুলে ধরা হল জনসম্মুখে। লাইনের উপর পাথর সাজিয়ে রেল দূর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করা হয়। কিন্তু চালকের তৎপরতায় ষড়যন্ত্র ভেস্তে গিয়ে বিপদমুক্ত হয় ট্রেন। নিরাপদে গন্তব্যে পৌঁছায় যাত্রী সাধারণ। এই ঘটনায় মামলা দায়ের করেছে আরপিএফ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জংশনের নিকটেই রাতের বেলা ঘটনাটি ঘটে। আরপিএফ সূত্রে জানা যায়, এদিন সকসল থেকে ট্রেন চলাচল স্বাভাবিকই ছিল। রাতে আপ বনগাঁ লোকাল বারাসাত স্টেশন থেকে ছাড়ার পর ধীর গতি সম্পন্ন থাকায় চালকের নজরে আসে যে, রেললাইনের উপর প্রায় ৫ ফুট জুড়ে একের পর এক পাথর সাজিয়ে রাখা হয়েছে। এমন কান্ডে ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল থাকায়, তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে কোচিং ও আরপিএফ-কে বিষয়টি জানান চালক। খবর পেয়ে কোচিং বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে লাইন থেকে পাথরগুলো সরিয়ে দেয়। বেশ কিছু সময় পর ট্রেনটি তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ওই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে বারাসাত আরপিএফ এর পক্ষ থেকে ১৫৩ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে রেললাইন পার্শ্বস্থ বসবাসকারী লোকজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চালালোর পাশাপাশি, ওইরূপ কর্মকান্ডের সাথে কে বা কারা যুক্ত, খতিয়ে দেখা হচ্ছে বলে আরপিএফ সূত্রে খবর।