*ডায়মন্ড হারবারে প্রকাশিত হল ‘প্রতিবাদ’-এর শারদ সংখ্যা ২০২৬, অনুষ্ঠিত বিজয়া সম্মিলনী ও কবি-সাহিত্যিক আড্ডা*

*বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:-* সাহিত্যচর্চা, সংস্কৃতির বিকাশ এবং কবি-সাহিত্যিকদের পারস্পরিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ‘প্রতিবাদ’ পত্রিকার শারদ সংখ্যা ২০২৬-এর প্রকাশ অনুষ্ঠান। শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, দুপুর ২টা ৩০ মিনিটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নতুন পোল এলাকায় অবস্থিত প্রতিবাদ পত্রিকা ভবনে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। শারদ সংখ্যা প্রকাশের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী ও কবি-সাহিত্যিকদের এক মনোজ্ঞ আড্ডা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্রতিবাদ’ পত্রিকার সম্পাদিকা দীপালি ভট্টাচার্য এবং প্রকাশক শ্রী নিলয় ভট্টাচার্য। পত্রিকার প্রকাশ ও পথচলার বিভিন্ন দিক তুলে ধরে সম্পাদিকা দীপালি ভট্টাচার্য জানান, নানা প্রতিকূলতার মধ্যেও কীভাবে ধারাবাহিকভাবে পত্রিকাটি প্রকাশ করে সাহিত্য ও সংস্কৃতির জগতে নিজেদের ভূমিকা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাইচাঁদ হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক হিমাদ্রী পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট স্বপন কুমার বেরা, ভবতোষ গায়েন, দত্ত রায়, রবিন কুমার দাস, ভীমচন্দ্র ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক অলোক কুমার প্রামাণিক, শুক্লা পাল চ্যাটার্জি, কবি ও ছড়াকার রিয়াদ হায়দার, দয়াময় হালদার, প্রশান্ত -সহ সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন কুমার মান্না। অতিথিদের ফুলের স্তবক ও উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন অদিতি গায়েন ও মধুমিতা মিস্ত্রি।

সব মিলিয়ে শারদ সংখ্যা প্রকাশ, বিজয়ার শুভেচ্ছা বিনিময় এবং কবি-সাহিত্যিকদের প্রাণবন্ত আড্ডায় এক সুন্দর সাহিত্য-সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সাহিত্য অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও স্মরণীয়।