ভয়াবহ পথ দূর্ঘটনা, নয়ানজুলিতে ১০৭
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
সাত সকালে ভয়াবহ পথ দূর্ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে স্থানীয়রা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ১০৭ গাড়ি একটি চলমান টোটোকে ধাক্কা মেরে নয়ানজুলিতে গিয়ে পড়ে। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সাত সকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানার অন্তর্গত কুমরা-হাজরা তলা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোর ৫ টা ৩০ মিনিট নাগাদ একটি টোটো হাবরা থেকে কুমড়ার দিকে যাচ্ছিল। সেই সময় ডব্লিউবি৫৭বি৪৯২১ নম্বর যুক্ত একটি ১০৭ গাড়ি বহরমপুর থেকে আম নিয়ে বসিরহাটে ফাঁকা করে ফিরছিল। হাজরাতলা এলাকায় ১০৭ গাড়ির চালক আচমকা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টোটোটিতে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা নয়নজুলিতে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয় টোটোর চালক ও ১০৭ গাড়িতে থাকা খালাসী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাবরা স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় হাবরা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।