মাটন কিনতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত ৫
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
জামাইষষ্ঠী মানেই বাঙালির কাছে একটা আনন্দমুখর উৎসব। ফল, মিষ্টির পাশাপাশি মাছ মাংসের দোকানেও কেনাকাটার হিড়িক পড়ে যায় সকাল থেকেই।কিন্তু একটি মাটনের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতা সাধারণের লাইনে আচমকা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারলে, এদিনের আনন্দ মুখরিত সকাল যেন মুহূর্তেই বিষাদে পরিনত হয়। গুরুতর জখম হয় বেশ কয়েকজন। হুলুস্থুলু পরিস্থিতি সৃষ্টি হয় ওই এলাকায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানার অন্তর্গত দু নম্বর রেলগেটের বাইপাস রোড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার জামাইষষ্ঠীর দিন সকাল থেকেই ওই বাইপাস রোডের পাশে থাকা একটি মাটনের দোকানের সামনে ক্রেতা সাধারনের ভিড় জমছিল। এদিন সকালে হাবরার জয়গাছির পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাই সাহার পুত্র ৩৮ বছরের রতন সাহা WB26AX6744 নম্বর যুক্ত একটি অল্টো গাড়ি নিয়ে মানিকতলা থেকে হাবরা পর্যন্ত টেস্ট ড্রাইভ শিখছিল। সকাল ন’টা নাগাদ সে হাবরা দু’নম্বর রেল গেট থেকে দিক পরিবর্তন করে বাইপাস রোড ধরে যেতে শুরু করে। এরপর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাটনের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ওই ক্রেতা সাধারণের গায়ে সজোরে ধাক্কা মারে। মুহূর্তেই বদলে যায় ওই স্থানের চিত্র। আহত হয় বহু মানুষ। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে হাবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় বাণীপুর সাহা পাড়ার বাসিন্দা হরি সরকারের পুত্র ৩৯ বছরের বিশ্বজিৎ সরকার, বক্সীরহাটির বাসিন্দা আব্দুল মাজিদ এর পুত্র ৫৫ বছরের আব্দুল মান্নান, বাণীপুর ইতনা কলোনির বাসিন্দা নিমাই মিত্র-র পুত্র ৪৩ বছরের অভিজিৎ মিত্র, হিজল পুকুরের বাসিন্দা মৃত অমিত কাপুরিয়ার পুত্র অশেষ কাপুরিয়া সহ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি অর্থাৎ মোট ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রত্যেকের চিকিৎসা শুরু হয়। তবে বিশ্বজিৎ সরকারের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে আর.জি.কর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন হাবরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গাড়িটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি, চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, এদিন সে ওই গাড়ি নিয়ে টেস্ট ড্রাইভ শিখছিল। ওই সময় হাবরা দু’নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় কর্তব্যরত হাবরা ট্রাফিক গার্ডের THG/১৬৫ রাকেশ মন্ডল এর লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে ভারতীয় নেয় সংহিতার ২৮১, ১২৫ এ এবং ১২৫ বি ধারায় মামলা রুজু করে সোমবার ধৃতকে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানায় পুলিশ।