উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত দুই
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
পাচারের পূর্বে উদ্ধার হয় বহু মূল্যের সোনা। অভিনব কৌশলে সোনা পাচার করতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে ২ জন পাচারকারী। ভারত বাংলাদেশের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সীমান্তবর্তী সোনাই নদী এলাকায় ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা যায়,
গতকাল গভীর রাতে স্থানীয় সোনাই নদী দিয়ে অভিনব কায়দায় পাচার পর্বের কার্য চালাচ্ছিল ২ জন ব্যাক্তি। নদীর উপর থেকে দড়ির সাহায্যে বাংলাদেশ থেকে একটি ব্যাগ এপারে নিয়ে আসছিল। বিষয়টি দেখে সন্দেহ হয় এলাকায় কর্তব্যরত বিএসএফের হাকিমপুর বিওপির ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের। তৎক্ষনাৎ ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জওয়ানরা। ব্যাগ খুলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১০ টি সোনার বিস্কুট। উদ্ধারকৃত সোনার বিস্কুটের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।এরপরই স্বরূপনগরের হাকিমপুর উত্তরপাড়ার বাসিন্দা প্রদীপ কুমার বারুই ও গোপাল পরমান্য নামে ওই ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে সোনার বিস্কুটসহ ধৃতদের তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর।