ভুয়ো জন্ম সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট এর আবেদন, ধৃত এক
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
ভুয়ো পাসপোর্ট তৈরী করে নানান অপরাধমূলক কাজ কর্মের জন্য রাজ্যজুড়ে চলছে পুলিশের ধরপাকড়। ইতিমধ্যেই পাসপোর্ট কান্ডে গ্রেফতার হয়েছে বহুজন। এবার সেই পাসপোর্টের জন্য ভুয়ো জন্ম শংসাপত্র জমা দেবার অপরাধে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। কলকাতার রাজাবাগান এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, কলকাতার রাজাবাগান এলাকার বাসিন্দা মহম্মদ আফতাব আলম পাসপোর্ট এর জন্য আবেদন করেছিল। কিন্তু তার জন্য সে যে জন্ম শংসাপত্র জমা দিয়েছিল, তা ছিল যথেষ্ট সন্দেহজনক। জানা গিয়েছে, ওই যুবকের জন্ম শংসাপত্র ইস্যু হয়েছিল মালদার মানিকচক এর উত্তর চন্ডীপুর থেকে। কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে জানা যায়, জমা দেওয়া শংসাপত্র আদৌ সঠিক নয়। এরপরই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন এর পক্ষ থেকে আফতাবকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে আদালত মারফত নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আফতাব রাজা বাগানে বসবাস করলেও- সে আসলে কোন এলাকার বাসিন্দা, তার জন্ম কোথায়, পাসপোর্ট তৈরি করতে সে ভুয়ো নথি কেন জমা দিয়েছে? ইতিমধ্যেই জাল পাসপোর্ট কাণ্ডে বিরাটি থেকে আজাদ নামে এক পাকিস্তানিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, বহু বছর যাবত সে বাংলায় বসে নানারূপ কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। ইতিমধ্যেই তাঁর কাছ থেকে পাওয়া তথ্যে পুলিশ জানতে পারে, আজাদের হয়ে একাধিক এজেন্ট কাজ করত, একশোর বেশি বাংলাদেশিকে ভারতীয় পরিচয় পত্র তৈরী করার পাশাপাশি, ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট, ভিসাও তৈরি করে দিয়েছে আজাদ। এদিকে আজাদের সঙ্গে ধৃত মহম্মদ আফতাব আলমের কোনও যোগাযোগ ছিল কিনা, নাকি তাঁর আলাদা কোন চক্র রয়েছে, এমনই নানান প্রশ্নের উত্তর জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তদন্ত সাপেক্ষে সম্পূর্ণ বিষয়টি জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।