ধর্মনগর দুর্গাপুরের অনুষ্কা রুদ্র পালের কৃতিত্ব: সামাজিক কাজে যুক্ত থেকেও মাধ্যমিকে ৯৫.৪% নম্বর
(সকালের বার্তা ত্রিপুরা প্রতিনিধি অরিত্র সেন) :-
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্প্রতি ঘোষণা হয়েছে। এবারের ফলাফলে দুর্গাপুরের রাজবাড়ী এলাকার কৃতী ছাত্রী অনুষ্কা রুদ্র পাল নজর কেড়েছে অসাধারণ ফলাফলের মাধ্যমে।
অনুষ্কা এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০০ নম্বরের মধ্যে ৪৭৭ নম্বর অর্জন করেছে, অর্থাৎ ৯৫.৪ শতাংশ নম্বর পেয়ে প্রশংসা কুড়িয়েছে। সে পি-এম-সি ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় বসেছিল।
অনুষ্কার বাবা সুজিত রুদ্র পাল পেশায় একজন সরকারি স্কুলের ইন্সপেক্টর এবং মা মাধবী দত্ত রুদ্র পাল একজন শিক্ষিকা। দুই অভিভাবকই শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকায় তাঁদের সন্তানের এই অর্জন তাঁদের অত্যন্ত গর্বিত করেছে।
ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, পড়াশোনার পাশাপাশি অনুষ্কা বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত ছিল। সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সময় ভাগ করে নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়ে সে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্কার পরিবার জানিয়েছেন, কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় এই ফল সম্ভব হয়েছে। অনুষ্কা জানিয়েছে, ভবিষ্যতে সে উচ্চশিক্ষার মাধ্যমে সমাজের জন্য কিছু করতে চায়।
তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, স্থানীয় বাসিন্দা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত।