ভুয়ো ভোটার ধরতে ‘বাংলার ভোট রক্ষা’ কর্মসূচি
বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ
২০২৬ এর বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাঁর জন্য অগ্রিম কিছু কর্মসূচি গ্রহণ করেছে তৃণমুল। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানার অন্তর্গত দেশবন্ধু পার্ক এলাকায় অবস্থিত কলতান প্রেক্ষাগৃহে শনিবার দুপুর দু’টোর সময় তৃণমূলের পক্ষ থেকে ভূয়ো ভোটার চিহ্নিতকরণের জন্য ‘বাংলার ভোট রক্ষা’ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ন চন্দ্র সাহা সহ ওয়ার্ড কাউন্সিলররা, পঞ্চায়েত প্রধান ও মেম্বাররা। এছাড়াও বুথ স্তরের বুথ সভাপতি, সুপারভাইজার, কর্মী এমনকি আইপ্যাক এর কর্মীরাও এদিনের কর্মশালায় অংশগ্রহণ করে। এদিনের কর্মশালা সম্পর্কে পৌরপ্রধান বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সভায় বলেছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভুয়ো ভোটার অনলাইনে ঢোকানো হচ্ছে। দিল্লি, মহারাষ্ট্রের ভোটে ধরা পড়েছে বহিরাগত ভোটার। পশ্চিম বাংলাতেও প্রচুর ভুয়ো ভোটার রয়েছে বলে অনুমান। মূলত ভূয়ো ভোটার চিহ্নিতকরণের জন্যই ওই কর্মসূচির আয়োজন করা হয়। দলের পক্ষ থেকে একদম বুথ ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। ভোটারদের তালিকা তৈরি করা হচ্ছে। ভুয়ো ভোটার চিহ্নিতকরণের জন্য একটি অ্যাপস-ও প্রকাশ করা হবে।
তিনি এও বলেন- হাবরা বিধানসভা কেন্দ্রে ২৬১ টা বুথ রয়েছে। প্রতি বুথ থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে এদিন হাবরার বিধানসভা কেন্দ্রের এই বুথ ভিত্তিক কর্মশালার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। আইপ্যাক এর পক্ষ থেকে আসা প্রতিনিধিরাই প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের পর বুথ ভিত্তিক কর্মীরা তাঁদের বুথে গিয়ে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দেবে। জনসংযোগ করবে, ভোটার তালিকায় তাদের নামটা আছে কিনা, তা দেখবে।