ডিভাইডার ভাঙলো বাস যখম ৫

রেষারেষির জেরে ডিভাইডার ভাঙল বাস, জখম ৫

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
ব্যস্ত অফিস টাইমে ঘটে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ একটি সরকারি বাস রাস্তার মাঝে থাকা ডিভাইডারে উঠে যায়। ৫ জন যাত্রী জখম হয়। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে কলকাতার পার্ক স্ট্রিট-ময়দান থানার অন্তর্গত প্রনবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগ স্থলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে একটি সরকারি বাস হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। আচমকা অন্য একটি বাস চলে আসায়, রেষারেষি শুরু হয় বাস দুটির মধ্যে। এরপর পার্কস্ট্রিট ময়দান থানা এলাকার প্রনবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগ স্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই সরকারি বাসটি রেলিং ভেঙে রাস্তায় থাকা ডিভাইডারের উপর উঠে যায়। বাসের সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়। একাধিক যন্ত্রাংশও খুলে বেরিয়ে আসে বাইরে। সেই সময় দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন জখম হয়। ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় ওই দুর্ঘটনায় সাময়িক যানজট দেখা দেয়। পরে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ক্রেন দিয়ে সরানো হলে, যান চলাচল স্বাভাবিক হয়। কি কারনে এদিন দুর্ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখছে পুলিশ। বাসটি চলার সময় তার গতি কত ছিল, বাসটির রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হত কিনা, চালক স্বাভাবিক অবস্থায় ছিল কিনা, উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। তদন্ত সাপেক্ষে সম্পূর্ণ প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।

About Author

error: Content is protected !!