নতুন ঠিকানার পথে সিবিআই দপ্তর

নতুন ঠিকানার পথে সিবিআই দফতর

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ

তদন্তের সুবিধার্থে পুরানো ঠিকানা ছেড়ে নতুন ঠিকানার পথে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগীয় দফতর। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতা শাখা এতদিন যাবত দুটি ভিন্ন জায়গা থেকে কাজ করছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ এসিবি-র অফিস ছিল নিজাম প্যালেস। আর এসসিবি, ইওবি-র অফিস ছিল সিজিও কমপ্লেক্সে। ফলে তদন্ত বিভাগীয় কর্ম একসঙ্গে পরিচালনার ক্ষেত্রে বিপুল সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। আর সেই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-র সব বিভাগগুলোকে একই ছাদের তলায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় সকল তদন্ত সংস্থার কর্মকর্তারা। সিদ্ধান্ত অনুযায়ী গত বছর সিবিআই ডিরেক্টর কলকাতায় এসে নিউ টাউনে ‘এনবিসিসি স্কোয়ার’ নামে একটি ঝাঁ চকচকে বহুতল অফিস পছন্দ করে যান। কাজও শুরু হয়। বর্তমানে সে কাজ প্রায় শেষের পথে। জানা যায়, ১৪ তলা ওই ভবনের চারটি তলেই হচ্ছে সিবিআই এর নতুন অফিস। নতুন অফিসে সিবিআই এর পাশাপাশি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ এসিবি, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অর্থাৎ এসসিবি, ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ অর্থাৎ ইওবি, ব্যাংক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ অর্থাৎ বিএসএফবি, ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ অর্থাৎ ইওবি- এই সকল দপ্তর একই ছাদের তলায় বসে কাজ করবে। ফলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তারা। ইতিমধ্যেই নিজাম প্যালেস থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি সহ যাবতীয় জিনিসপত্র সরানো হয়েছে নতুন অফিসে। সকল তদন্ত সংস্থার আধিকারিকরা দায়িত্ব সহকারে সেই গুরুত্বপূর্ণ কাজগুলি সুসম্পন্ন করেন। অতএব এনবিসিসি স্কোয়ার নামের ঝাঁ শচকচকে বহুতল ভবনই হতে চলেছে সিবিআই কলকাতা শাখার নতুন ঠিকানা। ইতিমধ্যেই এনআইএ-র অফিস সরে গিয়েছে এনবিসিসি স্কোয়ারে। এও জানা গিয়েছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২৫ থেকে ৩০ জন সিআরপিএফ জওয়ান। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা-র অফিসের পাশেই সিআরপিএফ এর জন্য অফিসের ব্যবস্থা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলা নববর্ষ থেকেই নতুন অফিসে বসে তদন্ত শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতা শাখা।

About Author

error: Content is protected !!