গঙ্গাসাগর মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় উচ্চপর্যায়ের বৈঠক
বৈশাখী সাহা, কলকাতাঃ
গঙ্গাসাগর তীর্থযাত্রীদের জন্য শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে সুষ্ঠু যাত্রী পরিষেবা নির্বিঘ্ন রাখা এবং নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে শিয়ালদহে সোমবার প্রশাসনিক স্তরে একটি উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার মনোজ কুমার সিং, শিয়ালদহ ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (অপারেশন) প্রসূন চক্রবর্তী, শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিসিএম যশরাম মীণা, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও পশ্চিমবঙ্গ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। রেলের এক বিবৃতিতে জানা যায়, উক্ত বৈঠকের মূল উদ্দেশ্য ছিল স্টেশন-ভিত্তিক ব্যবস্থাপনা ও শহর-ভিত্তিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় আরও দৃঢ় করা। এদিন কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি-র সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে স্টেশন চত্বরের পার্কিং ব্যবস্থা অর্থাৎ স্টেশনে প্রবেশ ও প্রস্থান পথে যানজট কমানো এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের কারণে মূল সড়কে যাতে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা হয়।শিয়ালদহ স্টেশন চত্বরে দৈনিক বিপুল যাত্রীচাপের কথা মাথায় রেখে শ্রী প্রসূন চক্রবর্তী রেলওয়ে সুরক্ষা বাহিনী ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বিত ভিড় নিয়ন্ত্রণ কৌশলের উপর গুরুত্ব আরোপ করেন। এর আওতায় প্ল্যাটফর্ম থেকে স্টেশন চত্বর ও শহরাঞ্চল পর্যন্ত যাত্রী চলাচল সুসংগঠিতভাবে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়। এছাড়া স্টেশন চত্বরে থাকা বায়ো-টয়লেট ও অন্যান্য স্যানিটেশন সুবিধার বর্তমান অবস্থা পর্যালোচনা করে সকল যাত্রীর জন্য পরিষ্কার, কার্যকর ও সহজলভ্য রাখতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। জরুরি পরিস্থিতি ও ব্যস্ত সময়ে যাত্রীচাপ সামাল দিতে রেল কর্তৃপক্ষ ও কলকাতা পুলিশের মধ্যে বহু কার্যকরী যোগাযোগ ব্যবস্থার একটি কাঠামো নির্ধারণ করা হয়। যা ওয়ার রুমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে খবর।
এদিনের বৈঠকে অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (অপারেশন) প্রসূন চক্রবর্তী বলেন, আসন্ন গঙ্গাসাগর মেলার প্রেক্ষিতে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে স্টেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পাশাপাশি, বাইরের যোগাযোগ ব্যবস্থাও সুষ্ঠু রাখা যাবে। শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি, যাত্রী সাধারণের প্রতি ধৈর্য্য ও সহযোগিতা বজায় রাখার আবেদন জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।