সতর্ক থেকেও মর্মান্তিক পথ দূর্ঘটনার বলি
বৈশাখী সাহা, কলকাতাঃ
বহু সতর্কতার সাথে বাইক চালিয়ে বাড়ি ফিরতে চেয়েও ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কিশোরের। উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার অন্তর্গত হেলেঞ্চা পঞ্চায়েতের চরমন্ডল এলাকা সংলগ্ন দত্তপুলিয়া সড়কে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত দত্তপুলিয়া সড়কটি বেহাল অবস্থায় ছিল। সড়কটি জুড়ে মারনফাঁদ তৈরী হওয়ায়, প্রায়শই দূর্ঘটনা ঘটে চলেছিল। সদ্য সংস্কারের কাজ শুরু হওয়ায়, একটি রোড রোলার দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। শনিবার রাতে এক যুবকের সঙ্গে দত্তপুলিয়া সড়ক দিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিল পাথুরিয়া এলাকার বাসিন্দা আকাশ মল্লিক নামে এক কিশোর। অভিযোগ, খুব সতর্কতার সঙ্গে রাস্তার গর্ত, খানাখন্দ বাঁচিয়ে বাইকটি চালানো হলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। গর্তের মধ্যে বাইকের চাকা পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই রোড রোলারে বাইকটি গিয়ে সজোরে ধাক্কা মারে। তৎক্ষনাৎ বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হয় ওই দু’জন। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা তৎপরতার সঙ্গে রক্তাক্ত জখম অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা আকাশকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় অন্য যুবক চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দীপাবলীর প্রাক মুহূর্তে এহেন মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবার সহ এলাকায় নেমেছে শোকের ছায়া।