মাছের আড়ালে মাদক পাচারের ছক বানচাল

মাছের আড়ালে মাদক পাচারের ছক বানচাল

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ

সূত্র অনুযায়ী অভিযান চালিয়ে মাছ পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ মাদক পাচারের ছক বানচাল করে পুলিশ। নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাজন ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সূত্র মারফত খবর পেয়ে, রাতের বেলা হাঁসখালী থানা পেরিয়ে ভাজনঘাট ব্রিজের উপর অভিযান চালিয়ে, একটি সন্দেহভাজন মাছের গাড়িকে আটকায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গাড়িটিকে আটকানো মাত্রই চালক লাফ দিয়ে পালিয়ে যায়। ফলে পুলিশের সন্দেহ আরও বৃদ্ধি পায়। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। গাড়িটিতে থাকা মাছের বাক্স সরাতেই প্লাস্টিকের প্যাকেটে থরে থরে সাজিয়ে রাখা গাঁজা পুলিশের নজরে আসে। অভিযান চালিয়ে প্রায় ৪২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যে স্থান থেকে ওই গাঁজা উদ্ধার হয়েছে, তার থেকে ভারত বাংলাদেশ সীমান্ত মাত্র এক কিলোমিটার দূরে। স্বভাবতই ওই বিপুল পরিমান গাঁজা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের অনুমান। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায়, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। গাড়িটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি, পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মাজদিয়ার নামক একটি স্থান থেকে সম্প্রতি একটি বাঙ্কার উদ্ধার হয়েছিল। ফলে ওই বিপুল পরিমাণ গাঁজা সেই বাঙ্কারেই মজুদ করার উদ্দেশ্যে আনা হচ্ছিল কি-না তা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

About Author

error: Content is protected !!