*ভিন ধর্মীয় ভঙ্গিমায় ছবি তুলে কুরুচিকর মন্তব্য, পুলিশের জালে আটক রোহন শর্মা*
সকালের বার্তা ত্রিপুরা প্রতিনিধি প্রতিনিধিঃ- অরিত্র সেন।
ভিন্ন ধর্মীয় ভঙ্গিমায় ছবি তুলে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পুলিশের জালে আটক হল এক যুবক। জানা গেছে, আটক যুবকের নাম রোহন শর্মা, সে ধর্মনগর মহকুমার আলগাপুর রোডের বাসিন্দা রুপম শর্মার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, রোহন শর্মা বিগত কয়েকদিন ধরে তার সামাজিক মাধ্যমে একাধিক বিতর্কিত ছবি ও মন্তব্য পোস্ট করে আসছিল। এসব পোস্টে তাকে মুসলিম ধর্মীয় ভঙ্গিমায় নামাজ আদায় করতে দেখা যায়, যদিও সে হিন্দু ধর্মাবলম্বী। এই কর্মকাণ্ডের ফলে ধর্মনগরের সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন দিক থেকে চাপ আসতে শুরু করলে পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়। অবশেষে গতকাল রাতে ধর্মনগর থানার পুলিশ তাকে আটক করে। ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং সাংবাদিকদের জানান, রোহনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এই ঘটনা ঘিরে গোটা ধর্মনগরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সাধারণ মানুষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।