ভারত-পাক যুদ্ধের আবহে ভারত বিদ্বেষী পোস্ট,ধৃত তৃণমূল নেতা
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
ভারত-পাক যুদ্ধের আবহে সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষী পোস্ট করে শাসক দলের এক নেতা। ওই পোস্টকে ঘিরে সৃষ্ট
হয় রাজনৈতিক চাপানউতর। পুলিশ গ্রেফতার করে ওই নেতাকে। ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, কাশ্মীরের পেহেলগাঁও কান্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে ভারত-পাক যুদ্ধ। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনা আক্রমন করায় বিপাকে পড়েছে পাকিস্তান। এমতাবস্থায় পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশবিরোধী পোস্ট করতে থাকে শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলর এর স্বামী শাহজাহান শেখ। সামাজিক মাধ্যমে সেই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর। অভিযুক্তর শাস্তির দাবিতে সরব হয় সবকটি রাজনৈতিক দল। বিতর্কিত পোস্টের তদন্তে নেমে মধ্যরাতেই ওই নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেন, ভারতবিদ্বেষী মানসিকতার লোকেদের অবিলম্বে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ওরা এ দেশে থাকার জন্য একেবারেই উপযুক্ত নয়।
এ প্রসঙ্গে তৃণমূলের টাউন সভাপতি নরেশ লাল সরকার বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন- তা তার জানা নেই। পুলিশ তদন্ত করছে।”
ধৃত তৃণমূল নেতা শাহজাহান শেখ অবশ্য তাঁর ফেসবুকে করা ভারতবিদ্বেষী পোস্টের বিষয়টি তাঁর বাড়ির নাবালকদের উপর চাপিয়ে, দায় এড়ানোর চেষ্টা করেন। কিন্তু বিষয়টি স্থানীয় বাসিন্দা ও পুলিশের বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। ভারত-পাক যুদ্ধের আবহে ফেসবুকে তৃণমূল নেতার ভারতবিরোধী পোস্টের জন্য অস্বস্তিতে পড়েছে শাসকদল। সত্য উদ্ঘাটনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।