*হলদিয়ায় বাইক চুরির অভিযোগে ধৃত ২*
হলদিয়া: বাইক চুরির অভিযোগে পুলিশের জালে ধৃত দুই যুবক। পুলিশ জানিয়েছে, শেখ জহিরউদ্দিন এবং শেখ সানোয়ার নামে ধৃত দুই যুবকের বাড়ি হলদিয়ার ভবানীপুর থানা এলাকার রাজনগর গ্রামে।হলদিয়া এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে বাইক চুরির অভিযোগ উঠছিল এই দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নামে ভবানীপুর থানার এএসআই সৌমেন পাত্রের নেতৃত্বে তদন্তকারী দল। রবিবার হলদিয়ার ব্রজলালচক এলাকা থেকে ওই দুই যুবককে পুলিশ পাকড়াও করে। সোমবার হলদিয়া মহকুমা আদালতে তাদের তোলা হয়। আদালত তাদের পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ভবানীপুর থানার আইসি ইমরান মোল্লা জানিয়েছেন, ধৃত দুই যুবককে জেরা করে বাইক চুরির সমূহ ঘটনার তথ্য উদ্ধার করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরো কে বা কারা জড়িয়ে আছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। বাইকগুলি কোথায়, কি অবস্থায় রয়েছে, তা জেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।