ফলন বাড়াতে পতিত জমিকে চাষযোগ্য করার উদ্যোগ রাজ্যের

রাজ্যে কৃষিজমির পরিমাণ বাড়াতে রাজ্য সরকার পতিত জমিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক দীনেন রায়ের এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যে বর্তমানে চাষযোগ্য জমির পরিমাণ ৫৫.৮৮ লক্ষ হেক্টর। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কৃষি উৎপাদন বাড়াতে আরও জমির প্রয়োজন। সেই কারণে পতিত জমিকে চাষযোগ্য করার উদ্যোগ নিয়েছে সরকার।

কৃষিমন্ত্রী বলেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন লোকসংখ্যা বাড়বে, কিন্তু জমির পরিমাণ বাড়বে না। তাই বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফলন বাড়ানোর চেষ্টা হচ্ছে। এখনও পর্যন্ত ৩৯ হাজার একর পতিত জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। অন্য এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী জানান, ২০৩০-এর মধ্যেই আলু বীজ উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে। বাইরে থেকে আর আলুবীজ আমদানি করতে হবে না। রাজ্যে সফল ভাবে ভাইরাস মুক্ত আলু বীজ উৎপাদন শুরু হয়েছে।

About Author

error: Content is protected !!