সকালের বার্তা ত্রিপুরা প্রতিনিধি অরিত্র সেন
ধর্মনগর মহকুমার অন্তর্গত রাজবাড়ী এলাকায় অবস্থিত সরলা পেট্রোল পাম্পের বিপরীতে গীতা বাজাজ শোরুমে শনিবার গভীর রাতে চুরির একটি বড় ঘটনা ঘটে।
শনিবার গভীর রাত আনুমানিক ২টা ৪০ থেকে ৪২ মিনিটের মধ্যে (সিসিটিভি ফুটেজ অনুযায়ী) চোরের একটি দল শোরুমের দ্বিতল ভবনের টিন কেটে দুই জায়গা দিয়ে নিচে নামার চেষ্টা করে। প্রথম দুই চেষ্টায় সফল না হলেও শেষমেশ তৃতীয় স্থানে ফলস সিলিং কেটে শোরুমের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় তারা।
ভেতরে প্রবেশ করেই চোরেরা প্রথমে শোরুমের সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়, এরপর শুরু হয় তাদের তাণ্ডব। শোরুমের সমস্ত লকার ভেঙে ফেলা হয়। দুটি লকার থেকে তারা কিছু নগদ অর্থ হাতিয়ে নেয় । নগদ অর্থের পরিমাণ কম পেয়ে চোরেরা বাইকের বিভিন্ন দামি পার্টস বা উপযোগী সামগ্রী নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর মূল্য আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রবিবার শোরুম বন্ধ থাকায় সোমবার সকাল ১০টার দিকে শোরুম খোলার পরই কর্মীরা পুরো ঘটনাটি উপলব্ধি করেন। দেখা যায়, প্রবেশদ্বারের ভিতরে দুটি জায়গায় ফলস সিলিং ভাঙ্গা, সমস্ত লকার ভাঙ্গা, এবং দ্বিতল ভবনের আরেকটি জায়গায় ছিদ্র করে প্রবেশের চিহ্ন রয়েছে।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই শোরুমের কর্মীরা মালিক রাজীব রায়কে খবর দেন। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ধর্মনগর আরক্ষা দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। খবর পাওয়ার পরই ধর্মনগর আরক্ষা দপ্তরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
উল্লেখ্য, ধর্মনগরে গত কয়েক মাস ধরে চুরির ঘটনা বেড়েই চলেছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয়, গীতা বাজাজ শোরুমের এই বড় ধরনের চুরির ঘটনার পর ধর্মনগর পুলিশের টনক নড়ে কি না। এলাকার মানুষ দ্রুত ও কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন।