সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারে কর্মরত এক কর্মীকে অপসারিত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকারি চাকুরে হয়েও সরাসরি প্রোমোটিং ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। প্রায় পাঁচ বছর তাঁর বিরুদ্ধে তদন্ত চলার পর গত বৃহস্পতিবার তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রাজ্যের প্রশাসনিক ও কর্মিবর্গ দফতরের তরফে ওই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০ সালের মার্চ মাসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে তদন্ত শুরু করে পাহাড় বিষয়ক এবং স্বরাষ্ট্র দফতর। সেই তদন্তে দেখা যায় ওই সরকারি কর্মীর নামে একটি নিজস্ব ট্রেড লাইসেন্স রয়েছে। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবসায়িক আর্থিক লেনদেন হয়েছে।