যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের নয়া পদক্ষেপ

যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের নয়া পদক্ষেপ

বৈশাখী সাহা, কলকাতাঃ

শিয়ালদহ ডিভিশনে যাতায়াতকারী রেল যাত্রীদের সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখে নতুন এসি ও নন এসি লোকাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি ও সময়সীমা ঘোষণা করে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেলের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, পূর্বে শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে সোম থেকে শনিবার পর্যন্ত এসি লোকাল ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী চললেও, আগামী ৭ ডিসেম্বর থেকে ওই রুটে রবিবার অর্থাৎ সপ্তাহে ৭ দিনই এসি লোকাল ট্রেন চলবে। রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ১১:৫৫ মিনিটে, কৃষ্ণনগর পৌঁছাবে দুপুর ২:১১ মিনিটে। পুনরায় কৃষ্ণনগর থেকে ট্রেনটি বিকেল ৪:০৫ মিনিটে ছাড়বে, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০ মিনিটে। যাত্রাপথে ট্রেনটি বিধান নগর, দমদম, বেলঘড়িয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাট স্টেশনে দাঁড়াবে।

অন্যদিকে সপ্তাহের প্রতিদিন ব্যস্ত সময় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও কল্যাণী এইমসে চিকিৎসার জন্য যাতায়াতকারী মানুষদের সুবিধার্থে আগামী ৪ ডিসেম্বর থেকে শিয়ালদহ-কল্যাণী রুটেও একটি নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হবে। শিয়ালদহ থেকে ওই নতুন এসি লোকালটি ছাড়বে দুপুর ৩:৩৫ মিনিটে, কল্যাণী পৌঁছবে বিকেল ৪:৫২ মিনিটে। পুনরায় কল্যাণী থেকে ট্রেনটি ৫:০২ মিনিটে ছাড়বে, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০ মিনিটে। সোম থেকে শনিবার সপ্তাহে ছয় দিন চলবে ট্রেনটি। যাত্রাপথে ট্রেনটি বিধান নগর, দমদম, বেলঘড়িয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে দাঁড়াবে। এছাড়া একটি নতুন নন এসি লোকাল ট্রেন কলকাতার বিবাদী বাগ থেকে কল্যাণী পর্যন্ত চলবে বলে রেলের তরফে জানানো হয়। এতে রেলযাত্রীরা অনেক সাচ্ছন্দ্যে ও কম সময়ে ট্রেনে চড়ে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে দাবি রেল কর্তৃপক্ষের।

About Author

error: Content is protected !!