*এসআইআর আবহে তৎপরত তৃণমূল*
হলদিয়া: হলদিয়া বিধানসভায় ক্ষুদিরামনগরে বিধায়ক কার্যালয়ে ভোটার রক্ষার প্রধান সেন্টার করা হয়েছে। হলদিয়া পুরসভার ২৯ টি ওয়ার্ডে রয়েছে পৃথক ভোটার রক্ষা সেন্টার। মঙ্গলবার সকাল থেকে ওই সেন্টারে রয়েছেন দলীয় নেতৃত্বরা। ভোটারদের এসআইআর ফর্ম পূরণে সহায়তা প্রদান করছেন। হলদিয়া শিল্পাঞ্চলের চিরঞ্জীবপুর, রানীচক, টাউনশিপের বনবিষ্ণুপুর, সাউতানচক সহ একাধিক বস্তি এলাকার ভোটারদের জন্য অতিরিক্ত একটি সেন্টার করা হয়েছে বলে জানান হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল।অন্যদিকে সুতাহাটা ব্লকের ভোটার রক্ষা সেন্টার হয়েছে চৈতন্যপুর রাজীব ভবনে। ওই ব্লকের ৬ টি অঞ্চলে পৃথক ভাবে সাব-ভোটার রক্ষা সেন্টারে ভোটারদের এসআইআর ফর্ম পূরণ সহ সমস্ত রকম সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার মাইতি। অপরদিকে মহিষাদল বিধানসভায় ভোটার রক্ষা সেন্টার হয়েছে মহিষাদলে সিনেমা মোড়ে দলীয় কার্যালয়ে। ওই বিধানসভার অন্তর্গত দুটি ব্লক মহিষাদল এবং হলদিয়া। মহিষাদল ব্লকে ১১টি অঞ্চলে আলাদা আলাদা ভোটার রক্ষা সেন্টার করা হয়েছে বলে জানিয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। অন্যদিকে হলদিয়া উন্নয়ন ব্লকে ৪টি অঞ্চলে ভোটার রক্ষা সেন্টার করা হয়েছে।