গাঁজা সহ গ্রেফতার পাচারকারী
বৈশাখী সাহা, কলকাতাঃ
স্টেশন চত্বরে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে জিআরপি থানার পুলিশ। সোমবার সকালে খড়গপুর স্টেশনের ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের পুরনো ওভারব্রিজের সামনে ঘটনাটি ঘটে। জিআরপি সূত্রে জানা যায়, সোমবার সকালে খড়গপুর স্টেশন এর ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের পুরনো ওভারব্রিজের সামনে ইতস্তত ভাবে ঘুরছিল ঝাড়খণ্ডের ধানবাদের চিরখুন্ডা থানা এলাকার বাসিন্দা রাজেশ রায় নামে বছর ৪৮ এর এক ব্যাক্তি। তাঁর সঙ্গে ছিল তিনটি ব্যাগ। সন্দেহ হওয়ায় জিআরপি গিয়ে ওই ব্যাক্তির পরিচয়, ব্যাগে কি আছে জানতে চায়। কিন্তু তাঁর কথাবার্তা যথেষ্ট অসঙ্গতিপূর্ণ হওয়ায়, ব্যাক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। জিআরপি-র পদস্থ আধিকারিকেরাও উপস্থিত হয় সেখানে। এরপর রাজেশের সঙ্গে থাকা তিনটি ব্যাগে তল্লাশি চালাতেই জিআরপি-র চক্ষু একেবারে চড়কগাছ। ব্যাগ থেকে উদ্ধার হয় নয়টি গাঁজা ভর্তি পলিব্যাগ। যার ওজন প্রায় ১৭.৫৩ কেজি। পুলিশের জেরার মুখে রাজেশ জানায়, সে ওড়িশার বালেশ্বর থেকে গাঁজা নিয়ে পুরুলিয়া যাচ্ছিল। এরপরই খড়গপুর জিআরপি-র হাতে গ্রেফতার হয় রাজেশ। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবারই ধৃতকে এনডিপিএস আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। মাদক পাচার সংক্রান্ত নানান তথ্য জানতে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।