ভুয়ো কলসেন্টার মারফত আর্থিক প্রতারণা ধৃত দম্পতি

ভুয়ো কল সেন্টার মারফত আর্থিক প্রতারণা,ধৃত দম্পতি

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভুয়ো কল সেন্টার মারফত আর্থিক প্রতারণা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দমদম এয়ারপোর্টে থানার অন্তর্গত কৈখালীর চিড়িয়া মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, একটি ‘নেল আর্ট সেন্টারের’ আড়ালে রমরমিয়ে চলছিল ভুয়ো কল সেন্টার। যার মারফত আর্থিক প্রতারণা করা হচ্ছিল। সূত্র মারফত পাওয়া এইরূপ খবরের ভিত্তিতে কৈখালীর চিড়িয়া মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত সেই ‘নেল আর্ট সেন্টারে’ অভিযান চালায় এয়ারপোর্ট থানার পুলিশ। জানা যায়, সেই সেন্টার থেকে বাতিল হয়ে যাওয়া বিমার টাকা ফিরিয়ে দেওয়ার নাম করে, বিভিন্ন নথিপত্র হাতানোর পরিকল্পনা অনুযায়ী বহু সাধারণ মানুষকে ফোন করা হত। এরপর প্রসেসিং চার্জ সহ বিভিন্ন কারণ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হত আগ্রহী মানুষদের কাছ থেকে। পাশাপাশি, নথি ব্যবহার করে বিভিন্ন পলিসির টাকাও হাতিয়ে নেওয়া হত। সূত্র অনুযায়ী পুলিশ সেখানে অভিযান চালাতেই মুল অভিযুক্ত, ওই সেন্টারের অধিকর্তা সন্দীপ বর এবং সোমা সেনগুপ্ত নামক এক দম্পতি পালিয়ে যায়। পরে অবশ্য কলকাতার একটি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড, মোবাইল ফোন সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে, আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতরা কতদিন যাবত কেন বা কি উদ্দেশ্যে এমন কর্মকান্ড চালাচ্ছিল, কতজন মানুষ তাঁদের দ্বারা প্রতারিত হয়েছে, তাঁদের সাথে আর কেউ জড়িত আছে কিনা – এমনই নানান প্রশ্নের উত্তরের সন্ধান পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

About Author

error: Content is protected !!