কারা দণ্ডে দন্ডিত টিয়া পাখি বিক্রেতা

কারাদন্ডে দন্ডিত টিয়া পাখি বিক্রেতা

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
আইনকে অমান্য করে ব্যবসা করার অপরাধে ধৃত এক টিয়াপাখি বিক্রেতাকে কারাদন্ডে দন্ডিত করেছে বারাসাত আদালত। এ প্রসঙ্গে জেলা বনদপ্তরের মুখ্য বন আধিকারিক অভিজিৎ কর জানান, ২০২৪ সালের ২৯ শে ডিসেম্বর সূত্র মারফত তাঁরা খবর পান, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গুমা এলাকার খোলা বাজারে টিয়া পাখি বিক্রি করছিলেন এক ব্যাক্তি। সূত্র অনুযায়ী জেলা বনদপ্তরের বারাসাত রেঞ্জের আধিকারিকরা অভিযান চালিয়ে হাবরা জয়গাছি এলাকার বাসিন্দা বাপি মজুমদারের কাছ থেকে উদ্ধার করেন ১০ টি টিয়া পাখি। উদ্ধারকৃত পাখির মধ্যে ছিল একটি রেড ব্রেস্ট (সিডিউল ১) আর বাকি ন’টি ছিল রোজ রিং প্যারাকিট (সিডিউল ২)। যেখানে ১৯৭২ সালের ওয়াইল্ড লাইফ প্রটেকশন আইন অনুযায়ী খোলা বাজারে টিয়া পাখি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। সেখানে আইনকে উপেক্ষা করে খোলা বাজারে টিয়া পাখি বিক্রি করছিল ওই ব্যবসায়ী। সেই অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। বারাসাত আদালতে তাঁর বিরুদ্ধে ১৮৯ দিন যাবত মামলা চলার পর, এদিন ধৃতকে সাড়ে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি, ১০ হাজার টাকার জরিমানার নির্দেশ দেন বিচারক।

About Author

error: Content is protected !!